অনলাইন ডেস্ক:
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মানসূচক স্বর্ণপাম পুরস্কারে ভূষিত হলেন মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। কিন্তু পুরস্কার গ্রহণের পর এই অভিনেতা সরাসরি কটাক্ষ করেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যাকে তিনি ‘শিল্পের শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন ডি নিরোর দীর্ঘদিনের বন্ধু এবং সহ-অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ডিক্যাপ্রিও ‘দিস বয়’স লাইফ’ এবং ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় ডি নিরোর সহশিল্পী ছিলেন। পুরস্কারটি হাতে নেওয়ার পর আবেগঘনভাবে ডি নিরো ডিক্যাপ্রিওর গালে মৃদু চুম্বন করেন এবং এক বক্তব্যে বলেন, “আমার দেশে গণতন্ত্রের জন্য লড়াই চলছে, যা একসময় স্বাভাবিক ছিল, কিন্তু এখন তা হুমকির মুখে। এই লড়াই আমাদের সবার।”
ডি নিরো তার বক্তব্যে উল্লেখ করেন, “শিল্প হলো গণতন্ত্রের অনুকরণ, কারণ এটি সত্য অনুসন্ধান করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে। আর স্বৈরাচারীরা সবসময় শিল্পকে ভয় পায়, আমাদের ভয় পায়।” অভিনেতা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতি নিয়ে বলেন, “ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন। সৃজনশীলতার কোনো দাম হতে পারে না, কিন্তু ট্রাম্প তাতে কর বসাতে চান। এটা শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট।”
অভিনেতা বলেন, “আমরা শুধু বসে থাকলে চলবে না। সহিংসতা নয়, বরং প্রবল আবেগ ও অঙ্গীকার নিয়ে প্রতিবাদ করতে হবে। যারা স্বাধীনতাকে ভালোবাসেন, তাদের এক হতে হবে, সংগঠিত হতে হবে, প্রতিবাদ করতে হবে।”
রবার্ট ডি নিরো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন এবং ষাটের দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন। তিনি বহু জনপ্রিয় ও স্মরণীয় সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৪ সালে ‘দ্য গডফাদার টু’ সিনেমার জন্য প্রথম অস্কার পুরস্কার পান এবং ১৯৮০ সালে ‘রেজিং বুল’ সিনেমার জন্য দ্বিতীয়বার অস্কার পুরস্কার লাভ করেন।











