ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউএই’র স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

আজ (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট (ডব্লিউজিএস)-এর ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ড. আল ওয়াইস প্রধান উপদেষ্টাকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনার উপস্থিতি এই সম্মেলনকে আরও উজ্জ্বল করেছে।” তিনি আরও বলেন, “আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শিখছি।” সাক্ষাৎকালে উভয় নেতা ডব্লিউজিএস-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ও সংযুক্ত আরব-আমিরাতের মধ্যে সম্পর্ক এবং সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন।

এছাড়া, তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ এবং সংযুক্ত আরব-আমিরাতের মধ্যে আগামী বছরগুলোতে ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আরও গভীর সহযোগিতা বৃদ্ধি পাবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যখাতে উন্নতির জন্য মন্ত্রীর প্রশংসা করেন এবং দেশটির স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ জানান। তিনি ইউএই সরকারের কাছে দশ লাখেরও বেশি বাংলাদেশি কর্মীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।