নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। রেলপথ মন্ত্রণালয় এ রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন করেছে, যা দুই অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নতুন এই ট্রেন দুটি উভয় পথে যাত্রাপথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে বলে জানা গেছে।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় গিয়ে পৌঁছাবে।
আগামী ১৯ নভেম্বর বিকালে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তার উদ্বোধনের মধ্য দিয়েই ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ৪ নভেম্বর ট্রেন দুটি চালুর প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবেই নতুন এই ট্রেন দুটি চালু করা হচ্ছে। এর মধ্য দিয়ে ঢাকা ও পাবনার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আন্তঃনগর রেল যোগাযোগ ব্যবস্থা চালু হতে যাচ্ছে।











