রামায়ণের সেটে রাহা ও রণবীর: আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন আলিয়া

অনলাইন ডেস্ক:

রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তি পেয়েছে ৫ নভেম্বর। ছবিটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহের মধ্যেই সিনেমার শুটিং সেটের কিছু বিশেষ মুহূর্ত প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী আলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহার সঙ্গে তোলা পর্দার পেছনের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে রণবীরের কাজের ভূয়সী প্রশংসা করে একটি আবেগঘন বার্তাও দিয়েছেন আলিয়া।

ছবিগুলোর ক্যাপশনে আলিয়া লিখেছেন, “তুমি এই কাজের জন্য নিজের সবটুকু দিয়েছ, অথচ তার পরও তার জন্য সবটুকু বাকি রেখেছ। তোমাকে নিয়ে গর্বিত, রণবীর। এই অসাধারণ সিনেমার অভিজ্ঞতা তৈরিতে যারা মনপ্রাণ ঢেলে কাজ করেছেন, তাদের প্রত্যেকের জন্যও গর্ব হচ্ছে। কিছু গল্প আমাদের সবার চেয়েও বড়, ‘রামায়ণ’ তেমনই একটি।”

আগামী ৬ নভেম্বর রণবীর ও আলিয়ার মেয়ে রাহার চতুর্থ জন্মদিন। তার ঠিক আগের মুহূর্তে রণবীর ও রাহার এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নজর কেড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। এর আগে মঙ্গলবার মুম্বাইয়ে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে রণবীরের সঙ্গে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। এদিকে সিনেমা হলে বসে ‘রামায়ণ’ দেখার সময় আলিয়ার একটি ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে রিক্লাইনারে বসে সিনেমা দেখতে দেখা যায়। সিনেমার একটি দৃশ্য দেখে বিস্মিত হয়ে তিনি দুই হাতে মুখ ঢেকে ফেলেছিলেন, আর তার আশপাশে থাকা দর্শকদের চোখে ছিল থ্রিডি চশমা।

এক্স হ্যান্ডেলে ছবিটি প্রকাশ করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘রামায়ণ দেখছেন আলিয়া ভাট!’ ছবিটির সত্যতা নিয়ে একজন প্রশ্ন তুললে পোস্টদাতা সেটি নিশ্চিত করেন। এই ছবি ঘিরে ভক্তদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রণবীরের কাজের প্রতি আলিয়ার মুগ্ধতার কথা লিখেছেন, আবার কেউ তাকে ‘গর্বিত স্ত্রী’ বলে মন্তব্য করেছেন। দুই পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম পর্বটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। ছবিতে রণবীরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে ও যশ।