বলিউডকে ‘সার্কাস’ বলে কটাক্ষ শোভিতা ধুলিপালার, জানালেন বহিরাগত হওয়ার কঠিন লড়াইয়ের কথা

অনলাইন ডেস্ক:

বলিউডের চাকচিক্যের আড়ালে বহিরাগত অভিনেতা-অভিনেত্রীদের টিকে থাকার লড়াই যে কতটা কঠিন, তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। কোনো গডফাদার বা ইন্ডাস্ট্রির পরিচিতি ছাড়া নিজের জায়গা তৈরি করতে গিয়ে তাকে যে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, তা অকপটে তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি জি কিউ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহিরাগত হিসেবে নিজের সংগ্রামের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে কাউকে পাশে না পাওয়ার আক্ষেপের পাশাপাশি, নিজের জায়গা করে নেওয়ার সেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করেছেন শোভিতা।

২০১৩ সালে ‘মিস ইন্ডিয়া আর্থ’ প্রতিযোগিতায় জয়ী হওয়ার পরও সেই সাফল্য তার ক্যারিয়ারে প্রত্যাশিত প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন তিনি।

শোভিতা জানান, সৌন্দর্য প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি র‍্যাম্প মডেলিংয়ের অডিশনে তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল। আবার মডেল হিসেবে পরিচিতি থাকায় সিনেমার অডিশনেও তাকে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।

অভিনেত্রী বলেন, ‘কলেজে পড়ার সময় জি কিউ এবং ভোগ-এর মতো ম্যাগাজিনের প্রচ্ছদের দিকে তাকিয়ে ভাবতাম, এমন জগতের অংশ হওয়া হয়তো আমার পক্ষে সম্ভব নয়। আমাকে বাঁচানোর জন্য কোনো গডফাদার বা গডমাদার ছিলেন না। বহিরাগত হিসেবে আপনাকে নিজেকেই সবকিছু বুঝে নিতে হয়। কোনো অভিজ্ঞতা বা পথনির্দেশ করার মতো মানুষ থাকে না। বিষয়টা সত্যিই ভীষণ ভয়ের।’

একাধিক অডিশনে অংশ নেওয়ার পর অবশেষে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘রমন রাঘব ২.০’ ছবিতে অভিনয়ের সুযোগ পান শোভিতা। ২০১৬ সালে এই ছবির সুবাদেই কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছিল তার। এরপর ‘শেফ’, ‘কালাকান্ডি’ এবং তেলুগু স্পাই থ্রিলার ‘গুডাচারি’-র মতো ছবিতে অভিনয় করেন তিনি।

নিজের অভিনয়জীবনের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে শোভিতা জানিয়েছেন, ধীরে ধীরে নিজের পছন্দের চরিত্র এবং এমন কিছু ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন, যেগুলোর গল্পের প্রতি তার নিজেরও বিশ্বাস ছিল। এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

অভিনেত্রীর মতে, এই ইন্ডাস্ট্রিটা আসলে একটা সার্কাসের মতো, আর আমরা সবাই একদল পাগলাটে, উচ্ছ্বসিত ও সৃজনশীল মানুষ।

২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘মেড ইন হেভেন’-এ তারা খান্নার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান শোভিতা।

২০২৪ সালে দেব প্যাটেল পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘মাঙ্কি ম্যান’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হয় শোভিতার।