নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (৫ মার্চ) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৬টি খালের চলমান খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “ঢাকার ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে ঢাকা শহরের খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে।” তিনি আরো বলেন, শহরের জীববৈচিত্র্য রক্ষার জন্য খালগুলোকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বছরই ১৯টি খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এছাড়াও খাল খননের পর খালের পাড়ে ফুলের চারা এবং ফলদ বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, “ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, তবে খাল খনন করে পানি সংরক্ষণের ব্যবস্থা করা গেলে এটি উন্নতি করতে পারে।”
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থপতি ফজলে রেজা সুমনসহ ডিএনসিসি ও নৌ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











