অনলাইন ডেস্ক:
চীন ৭টি মার্কিন কোম্পানি এবং তাদের কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদের মধ্যে রয়েছে মিসাইল নির্মাতা প্রতিষ্ঠান রেইথিয়ন এবং এর সহযোগী সংস্থাগুলো। পাশাপাশি চীনে থাকা এসব কোম্পানির সব সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়, যা বার্তা সংস্থা এপি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিষেধাজ্ঞার আওতায় থাকা এই কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক লেনদেন বা অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না। নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইনসিটু, হাডসন টেকনোলজিস, সারোনিক টেকনোলজিস, রেইথিয়ন কানাডা, রেইথিয়ন অস্ট্রেলিয়া, অ্যারকম, এবং ওশিয়ানিয়ারিং ইন্টারন্যাশনাল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর চীনে অবস্থিত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে কর্মকর্তাদের সুনির্দিষ্ট নাম প্রকাশ করা হয়নি।
এই নিষেধাজ্ঞার পেছনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে কারণ হিসেবে উল্লেখ করেছে বেইজিং। সম্প্রতি তাইওয়ানের জন্য সামরিক সহায়তা ও প্রতিরক্ষা বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র, যা চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি।
চীনের দাবি, তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং এ ধরনের সামরিক সহায়তা বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এই নিষেধাজ্ঞার মাধ্যমে চীন তার শক্ত অবস্থান তুলে ধরেছে এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ এড়ানোর বার্তা দিয়েছে।











