তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:

টানা তিন দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

 

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণালংকারের ভ্যাটসহ প্রতি গ্রাম দাম ২০ হাজার ৩৫০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি হিসাবে এর দাম দাঁড়ায় ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

 

২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ১৯ হাজার ৪৩৫ টাকা। প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ১৪ হাজার ৭৭৯ টাকা, প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৩৮২ টাকা।

 

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের ভ্যাটসহ প্রতি গ্রাম দাম ১৩ হাজার ৬৩০ টাকা। প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

 

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত রুপার প্রতি গ্রাম দাম ৪৪০ টাকা। প্রতি ভরি দাম ৫ হাজার ১৩২ টাকা।

 

২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম দাম ৪২৫ টাকা, প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা। ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম দাম ৩৬৫ টাকা, প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা। সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম দাম ২৭৫ টাকা, প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়। এর পরদিনই আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বাজুস।

 

বাজুসের আগের মূল্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা হয়েছে।

 

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

 

স্বর্ণ ও রুপার অলংকার বিনিময় বা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে।