নিজস্ব প্রতিবেদক :
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর আমলি আদালতের বিচারক শারমিন নাহার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, কড়া নিরাপত্তার মধ্যে মোনালিসাকে রিমান্ড শেষে বেলা ১২টার দিকে আদালতে নিয়ে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে মোনালিসাকে আটক করা হয়। পরদিন, ১৭ ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
এসময় বিচারক শারমিন নাহার মোনালিসাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় মোনালিসার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, পলি খাতুন নামের এক নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক এবং আসামি পক্ষে আইনজীবী ইব্রাহিম শাহীন দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মোনালিসা ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি হওয়া ছাড়াও, পলি খাতুনের ৫ আগস্ট দায়ের করা একটি জিআর মামলায় প্রধান আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।











