নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে।
এসময় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জানুয়ারি মাসে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর। উভয় দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি দুদেশের জন্যই সুফল বয়ে আনবে।”
রাষ্ট্রদূত রামিস সেন তার বক্তব্যে বলেন, “তুরস্কের বাণিজ্যমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর শুধু দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তুরস্কের সংহতি প্রকাশের একটি মাইলফলক হবে। এই সফর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা অন্বেষণের একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে কাজ করবে।”
এসময় তুরস্কের রাষ্ট্রদূত বাণিজ্য উপদেষ্টাকে বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের বিস্তারিত তথ্যও জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারও এ সাক্ষাতে উপস্থিত ছিলেন।











