ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

প্রকাশিত: 18 November 2026, 5:55 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তাদের তৃতীয় সন্তান। বিনোদনভিত্তিক সাময়িকী পিপল নিশ্চিত করেছে যে, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ খ্যাত এই অভিনেত্রীর কোলজুড়ে নতুন অতিথি এসেছে।

এই দম্পতির আগের সংসারে রয়েছে ১০ বছর বয়সী জোনাথন ও ৬ বছর বয়সী জ্যাক নামের দুই ছেলে। গত জুন মাসে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তৃতীয়বার মা হতে যাওয়ার এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

সেই ভিডিওতে সাদা পোশাকে ক্যামেরার সামনে হাজির হন অ্যান। তখন তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পেটে হাত রেখে হাসিমুখে ভক্তদের সুখবরটি জানান তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘বেবি, আমি তোমারই।’

গত অক্টোবরে ‘সিবিএস মর্নিংস’ অনুষ্ঠানে তৃতীয় সন্তান আসার আগে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন অ্যান। তিনি বলেছিলেন, নতুন অতিথিকে নিয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তবে চার সদস্যের পরিবার হিসেবে কাটানো সময়টুকুও উপভোগ করতে চেয়েছিলেন তারা। কারণ, নতুন সন্তান আসার পর পরিবারের সবার জীবনেই পরিবর্তন আসবে।

তৃতীয়বার মা হওয়ার খবর প্রকাশের আগে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বেশ কিছুদিন গোপন রেখেছিলেন অ্যান। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমার প্রচারণার সময়ও বিষয়টি প্রকাশ করেননি তিনি। সিনেমাটির প্রচারণায় যেন মনোযোগ থাকে, সে কারণেই নিজের মতো করে সুখবরটি জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে অ্যান জানিয়েছিলেন, ৪৩ বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তাদের জন্য ছিল বিস্ময়কর। মজা করে অনাগত সন্তানকে ‘বাজার-বিটার’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।

কাজের ক্ষেত্রে অ্যানকে সর্বশেষ দেখা গেছে ‘ভেরিটি’ সিনেমায়। এ ছাড়া ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার তারকাবহুল অভিনয়শিল্পীদের মধ্যেও রয়েছেন তিনি।

মন্তব্য করুন