অনলাইন ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে ‘তৌহিদি জনতা’ নামে পরিচিত জনগণের একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছে বলে মন্তব্য করেছেন। তবে, তিনি সতর্ক করে বলেন, ‘মব’ (দলবদ্ধ বিশৃঙ্খলা) সংস্কৃতির কারণে এই সম্ভাবনা ভূলুণ্ঠিত হচ্ছে।
মাহফুজ আলম তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, তৌহিদি জনতা যারা নিজেদের পরিচয় দেন, তাদের তিনি হুমকি দেননি, বরং সতর্ক করেছেন। তিনি বলেন, “গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলুণ্ঠিত হচ্ছে। আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে।”
এ সময় তিনি বলেন, “আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি।”
মাহফুজ আলম আরো বলেন, “বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আর খ- খ- মব আলাদা জিনিস। লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন এ মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখ-তা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে।”
তিনি বলেন, “প্রথমে যেভাবে ইসলামফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, তার পুনরাবৃত্তি আর হবে না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আরও বলেন, “আলেম-ওলেমা, মাদ্রাসার ছাত্ররা গত ১৫ বছর নিপীড়নের শিকার হয়েছেন, এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন, কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত, সে স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে, সে সম্পর্কে উচ্চারণ করা সতর্কতা ভুল হলে, তাতে আমার কিছু বলার নেই।”
ফেসবুক পোস্টে তিনি সকলকে বিভাজন ও ঘৃণা পরিহার করে, পরস্পরের মধ্যে সম্মান এবং মর্যাদার সম্পর্ক গড়ে তুলতে আহ্বান জানান।











