থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি

নিজস্ব  প্রতিবেদক:

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন।

 

পুলিশ সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ ও ২১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত হবে ‘স্ক্যাম সেন্টার কম্পাউন্ডস অ্যান্ড ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলন। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

 

সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

 

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সম্মেলনের পাশাপাশি আইজিপি মো. আলী হোসেন ফকির রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা জোরদার এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে সমন্বয়ের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্মেলন শেষে আগামী মঙ্গলবার (২২ জুলাই) আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।