নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে তিনি রাত ১১টার দিকে চন্দ্রিমা উদ্যানে পৌঁছান। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীকেও দেখা যায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।
দলীয় সূত্র জানায়, এই সফরের সিদ্ধান্ত ছিল হঠাৎ ও আবেগঘন। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই খালেদা জিয়া স্বামীর সমাধিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তাৎক্ষণিকভাবে নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং তাঁর সঙ্গে যান।
একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, “২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যাওয়ার আগে তিনি সর্বশেষ সমাধি জিয়ারত করেছিলেন। এতদিন পর আবার যাওয়া – নিঃসন্দেহে এটি আবেগঘন একটি মুহূর্ত।”
খালেদা জিয়া কিছু সময় সমাধির পাশে অবস্থান করে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন। পরে রাতেই তিনি ফিরোজায় ফিরে আসেন।











