দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

 

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১২ জুন দুবাই পুলিশ বাংলাদেশ সরকারকে ইমেইলের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি অবহিত করে। বর্তমানে বেনজীর সেখানে আটক রয়েছেন এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রত্যার্পণ কার্যক্রম এগিয়ে চলছে।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তদন্তে তার ঘোষিত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই আদালতের নির্দেশে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।

 

গ্রেফতারের পরবর্তী প্রক্রিয়া তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যার্পণ অনুরোধ পাঠাতে হবে। এনসিবি ঢাকা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে দ্রুতই প্রয়োজনীয় নথিপত্র পাঠাবে।”

 

তিনি আরও জানান, ইন্টারপোল, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এবং দুবাই কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, “অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

 

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক ছিলেন। পরে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ঘিরে একাধিক মামলা ও তদন্ত শুরু হয়।

 

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে দুদক তার বিরুদ্ধে মামলা করে এবং আদালত পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড নোটিশ কার্যকর হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই গ্রেফতার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি একে “বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য” বলেও উল্লেখ করেন।

 

এদিকে, বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।