নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি ও গাড়িকাণ্ডে নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বরখাস্ত করে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে ‘বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
আনিত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা ‘যুক্তিযুক্ত’ বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নেওয়া হয়েছে এবং শৃঙ্খলা বিধিমালা ২০১৭-এর ১১ নম্বর বিধি অনুসারে বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে কী ধরনের দুর্নীতি বা ‘গাড়িকাণ্ড’-এর অভিযোগ রয়েছে, তা বিস্তারিতভাবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। তবে অভিযোগের প্রাথমিক তদন্তেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।











