নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পথে সরকার। কক্সবাজার, বগুড়া, ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুর জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব উঠছে জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত নিকার সভায়। একই সঙ্গে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগও আলোচনায় এসেছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে দেশে উপজেলা সংখ্যা দাঁড়াবে ৫০০-তে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিতব্য প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১২০তম সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নেওয়া এ পরিকল্পনাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’, বগুড়ার শিবগঞ্জ থেকে ‘মোকামতলা’, ঠাকুরগাঁও সদর থেকে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর থেকে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠনের কথা বলা হয়েছে। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের জনদাবি, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক সেবা সহজীকরণের বিষয়গুলো বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি এবার নিকার সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি ছিল। স্থানীয় সরকার বিভাগের মতে, জনসংখ্যা, আয়তন, রাজস্ব আয় এবং অবকাঠামোগত সক্ষমতার দিক থেকে বগুড়া এখন সিটি করপোরেশন হওয়ার সব শর্ত পূরণ করেছে। সিদ্ধান্ত অনুমোদিত হলে এটি হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।
পৌরসভা ও উপজেলা পুনর্বিন্যাস নিয়ে সরকারের এই উদ্যোগকে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন উপজেলা গঠিত হলে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক চাপ কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
সরকারি নীতিনির্ধারকদের মতে, নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ফলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো সেবায় উন্নয়ন ঘটবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানান, নিকার সভায় অনুমোদন মিললে নতুন উপজেলা ও সিটি করপোরেশন বাস্তবায়নের জন্য অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক কাঠামো গঠনের কাজ দ্রুত শুরু করা হবে।











