অনলাইন ডেস্ক:
দেশে আবারও বাড়ানো হয়েছে স্মারক স্বর্ণ মুদ্রার দাম। প্রতিটি মুদ্রায় ১০ হাজার টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার টাকা। ১৪ অক্টোবর থেকে এই মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার টাকা করা হয়েছিল।
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষাপটে, বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালে ৬ দফায় মোট ২৫ হাজার টাকা দাম বৃদ্ধি হয়েছিল। ২৬ ডিসেম্বর থেকে স্মারক স্বর্ণ মুদ্রার দাম এক লাখ টাকায় পৌঁছেছিল।
বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মারক স্বর্ণ মুদ্রার নতুন দাম গত ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এছাড়াও, স্বারক রৌপ্য মুদ্রার দামও বাড়িয়ে ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রা রয়েছে, যা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম স্বর্ণ দিয়ে তৈরি। এই মুদ্রাগুলো হলো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ১৯২০-২০২০, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১। এই মুদ্রাগুলি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা ও অন্যান্য শাখায় বিক্রি হয়, এছাড়া মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের টাকা যাদুঘরেও পাওয়া যায়।
স্বর্ণ মুদ্রার বাইরে বর্তমানে ১২ ধরনের রৌপ্য স্মারক মুদ্রা রয়েছে, যা বিশেষ দিবস বা প্রতিষ্ঠানের স্মরণে জারি করা হয়েছে। উদাহরণস্বরূপ: বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী, পদ্মা সেতু উদ্বোধন ইত্যাদি।











