দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ

রোববার সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন সিনিয়র দুই সেনা কর্মকর্তার বরাতে রয়টার্স। তবে তার গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

রয়টার্স জানায়, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা একদিনের লড়াইয়ের পর রোববার হোমস শহর দখল করেছে এবং শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর উদযাপন করেছে। বিদ্রোহী বাহিনী যখন হোমস শহর দখল করে, তখন আসাদ বাহিনী শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এরপর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন এবং ‘আসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্ত’ এবং ‘সিরিয়া দীর্ঘজীবী হোক’ স্লোগান দিতে থাকেন।

এছাড়া, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর ছাড়ার সময় সেখানে সরকারি সেনা উপস্থিত ছিল। এটি সম্ভবত আসাদকে বহন করছে, এমন ধারণা করা হচ্ছে।

এর পাশাপাশি, দামেস্কের সেদনায়ায় বড় একটি কারাগার থেকে বিদ্রোহীরা বহু বন্দিকে মুক্তি দেয় এবং শহরের জয়লাভের পর সেখানকার জনগণও উদযাপন শুরু করে।