ধৈর্যের বাঁধ ভাঙার আগেই নির্বাচন দিন: গয়েশ্বর চন্দ্র রায়

অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে, জনগণ কাকে ক্ষমতায় চায়। জনগণই দেশের মালিক, ক্ষমতার উৎস।”

গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গয়েশ্বর বলেন, “আমরা যদি মাঠে নামতে বাধ্য হই, তাহলে সরকারের কতটুকু সময় টিকবে, সেটা ভাবুন। যত দ্রুত সম্ভব নির্বাচন দিন, যাতে জনগণ রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়।”

তিনি আরও বলেন, “আপনাদের যদি নির্বাচনের সময় দেওয়া হয়, তাহলে আপনি সম্মানের সঙ্গে বিদায় নিবেন। সময়মতো নির্বাচন দিলে আপনাদের গলায় মালা পরানো হবে।”

গয়েশ্বর চন্দ্র রায় সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এমন বক্তব্য দিয়ে বলেন, “যে সরকার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”

তিনি রাজনৈতিক সংস্কার নিয়ে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতির জন্য আমাদের করা ভুলগুলো দায়ী। তবে সঠিক পদ্ধতিতে সংস্কার করলে দেশ আরও উন্নত হবে।”

তিনি নির্বাচনের বিষয়ে আরও বলেন, “আমরা ৩১ দফা দিয়েছি, যারা কমিশন তৈরি করেছেন তাদের ৫ জনকে বসিয়ে দিন। কমিশনগুলো ২০০-৩০০ পৃষ্ঠা লিখে পাঠাবে, এভাবে সময় নষ্ট না করে একবার নির্বাচন দিয়ে দিন।”

আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি হানিফ বেপারী সভাপতিত্ব করেন, এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী, বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের সাধারণ সম্পাদক আল-ফাতাহ খান প্রমুখ বক্তব্য রাখেন।