বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রিটিশ ক্রাইম ড্রামা Peaky Blinders আবার ফিরছে নতুন গল্প নিয়ে। নির্মাতারা এবার আনছেন শেলবি পরিবারের পরবর্তী প্রজন্মকে ঘিরে নতুন সিক্যুয়েল সিরিজ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চার্লি হিটন-কে। ‘স্ট্রেঞ্জার থিংস’-এর জোনাথন বায়ার্স চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা নতুন সিরিজে অভিনয় করবেন ‘চার্লস শেলবি’ চরিত্রে।
সম্প্রতি সিরিজটির সেট থেকে প্রকাশ পাওয়া প্রথম ছবিতে চার্লি হিটনকে ১৯৫০-এর দশকের লুকে দেখা গেছে। ছয় পর্বের এই সিরিজে শেলবি পরিবারের নতুন প্রজন্মের গল্প তুলে ধরা হবে। চার্লস শেলবির সৎ ভাই ‘ডিউক শেলবি’ চরিত্রে অভিনয় করছেন জেমি বেল।
গল্পে দেখা যাবে, ভয়াবহ সংঘাত ও শত্রুদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর চার্লস শেলবি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। বহুদিন ধরে সৎ ভাই ডিউকের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। পিকি ব্লাইন্ডার্স গ্যাং ও শেলবি পরিবারের বিলাসী জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। কিন্তু অতীত এবং রক্তের সম্পর্ক কি এত সহজে পেছনে ফেলে আসা যায়, সেই প্রশ্নই উঠে আসবে নতুন সিরিজে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক দশক পরের সময়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই সিরিজ। যুদ্ধের ক্ষত কাটিয়ে নতুনভাবে গড়ে ওঠা বার্মিংহামের অন্ধকার অপরাধ জগত ও সামাজিক বাস্তবতা গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে বার্মিংহামেই চলছে শুটিং।
নতুন সিরিজে আরও অভিনয় করছেন জেসিকা ব্রাউন ফাইন্ডলে, লাশানা লিঞ্চ এবং লুসি কারচেভস্কি। এর আগে মুক্তি পাওয়া স্পিন-অফ চলচ্চিত্র ‘দ্য ইমমর্টাল ম্যান’-এর মাধ্যমে বিদায় নিয়েছেন টমি শেলবি চরিত্রের অভিনেতা সিলিয়ান মারফি। যদিও নতুন সিক্যুয়েলের প্রযোজনার সঙ্গে তার সম্পৃক্ত থাকার কথা জানা গেছে।
সিরিজটির গল্প লিখেছেন ও তৈরি করেছেন মূল ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। নির্মাতারা জানিয়েছেন, মূল সিরিজের গাঢ় আবহ, পারিবারিক দ্বন্দ্ব, অপরাধ জগতের ক্ষমতার লড়াই এবং স্টাইলিশ উপস্থাপনা নতুন সিরিজেও বজায় থাকবে।
২০১৩ সালে যাত্রা শুরু করা ‘পিকি ব্লাইন্ডার্স’ দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। বিশেষ করে টমি শেলবি চরিত্রটি দর্শকদের কাছে আইকনিক হয়ে ওঠে। নতুন সিরিজের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।
তবে এখনো সিরিজটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। মুক্তির পর যুক্তরাজ্যে এটি দেখা যাবে বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে। আন্তর্জাতিক দর্শকদের জন্য সিরিজটি স্ট্রিম করবে Netflix।











