নতুন মামলায় সাবেক মন্ত্রী ও নেতাদের কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার একটি আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা এবং হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

আজ (৩০ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের কারাগার থেকে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে, আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এই আবেদন মঞ্জুর করে, তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার দেখানো এসব নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগ রয়েছে। সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, জুনাইদ আহমেদ পলককে শাহবাগ থানার হত্যা মামলায়, আতিকুল ইসলামকে বিমানবন্দর থানার হত্যাচেষ্টা এবং উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায়, শাজাহান খানকে হাতিরঝিল থানার হত্যা মামলায়, এবং হাসানুল হক ইনুকে গুলশান থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়। ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পলায়নরত অবস্থায় গ্রেফতার করা হয়। ২৬ আগস্ট, রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ৫ সেপ্টেম্বর রাত ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। ১৪ আগস্ট, গোপন সংবাদের ভিত্তিতে পলককে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। ১৬ অক্টোবর রাতে আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়।