নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) জেলার শিবপুর ও বেলাবো উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি একই উপজেলার বাদুয়ারচর পুরানপাড়ায়। অন্যজন হলেন- শাওন। তিনি মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।
দুই এইচএসসি পরীক্ষার্থীর বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুর গামী একটি মুরগিবাহী পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই দিন সকালে বেলাবো রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে জীবিকার সন্ধানে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে রাধাখালী ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন চালক ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাওন মারা গেছেন।
বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, চালক নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











