ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল; ছুটি ১২ কারখানা

প্রকাশিত: 23 November 2026, 1:26 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

আনসার রোড, গিলারচালা (আসপাদা) ও গর্গারিয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা মহাসড়কে উঠে আসেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বেলা সাড়ে ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববারের ঘটনায় ভিনটেজ ডেনিম কারখানার এক নারী শ্রমিকের পায়ে গুরুতর আঘাত লাগে। এর প্রতিবাদে শ্রমিকেরা সোমবার সকালে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছিলেন। কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন।

শ্রীপুর পৌরসভা এলাকায় মেঘনা গ্রুপের সাবলাইন, ইউনিলেন্স, সাসটেইনেবল ওয়াশিং প্ল্যান্ট, মেঘনা ডেনিম, আমান টেক্সটাইল মিলস, রাতুল অ্যাপারেলস, ফখরুদ্দিন গার্মেন্টস, হামস গার্মেন্টস, ঢাকা ফ্যাশন, ভিক্টর ইনটিমেটস ও ক্রিস্টাল গার্মেন্টসসহ ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট কারখানায় বাইরে থেকে হামলা হওয়ায় সেখানেও ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীপুরে সব মিলিয়ে ২১টি কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে প্রায় ৭০ হাজার শ্রমিকের কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন