রূপপুর থেকে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু
অনলাইন ডেস্ক:
দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়।
এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন এ তথ্য জানিয়েছেন। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ বলেন, রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
প্রথম পরীক্ষামূলক সরবরাহের সময় উৎপাদিত বিদ্যুৎ প্রায় আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হয়। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরীক্ষা চালানো হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম এক হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত এক হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
কারিগরি সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে। রাশান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বাণিজ্যিক উৎপাদন শুরু হতে এখনো প্রায় এক বছর সময় লাগতে পারে। এ অগ্রগতির মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী বিশ্বের প্রায় ৩০টি দেশের কাতারে যুক্ত হয়েছে বাংলাদেশ।
