ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নাশকতার আশঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারি জোরদারের নির্দেশ

প্রকাশিত: 19 November 2026, 1:40 pm আপডেট: 19 November 2026, 3:06 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নানা নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা বসানোর পাশাপাশি ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; তবে বিমানবন্দরের ভেতরে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরে পুলিশ এবং প্রবেশপথে এপিবিএন দায়িত্ব পালন করায় এই তিন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি এবার ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যকার সমন্বয় বাড়িয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সব সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে কঠোরভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দর গেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এর আগে রাত সোয়া ১০টায় বিমানবন্দরের পাশেই জসিমউদ্দিন রোডেও ককটেল ফাটানো হয়, যে সময় বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের বিমানবন্দরের বাইরের গেটে পরপর ককটেল নিক্ষেপ করা হলে চারজন পথচারী আহত হন।

এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখে এক পথচারী পুলিশকে খবর দিলে বিমানবন্দর থানার পুলিশ ফাঁرির বোমা নিষ্ক্রিয়কারী দল এসে তা নিরাপদে নিষ্ক্রিয় করে, যা বিমানযাত্রীসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক আতঙ্ক তৈরি করে এবং তার আগে গত ৬ নভেম্বরও শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

এসব ধারাবাহিক অপ্রীতিকর ঘটনার পর থেকেই বিমানবন্দরের বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানিয়েছেন যে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাতে নিয়মিত ফ্লাইট পরিচালনা হয় না এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি জোরদার করা হয়েছে; এছাড়া শাহজালালের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের নিয়মিত অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার পাশাপাশি আশপাশের এলাকাতেও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য বা রেড অ্যালার্ট জারি না করা হলেও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করবে না বেবিচক।

এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে দেশের ৭ জেলায় ইতিমধ্যে ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলা করতে বুধবার পুলিশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক করেছে বেবিচক, যেখানে ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার ও আশপাশের সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনাটি বাইরের এলাকার নিরাপত্তা ঝুঁকিকে সামনে এনে দেওয়ায় বিশেষ করে ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা রোধ, যাত্রী ও যানবাহনের নিরাপদ চলাচল এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক তৎপরতা ঠেকাতে টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণে এআই ক্যামেরা বসানোর ব্যাপারে আলোচনা হওয়ায় পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে এবং তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এই কঠোর নজরদারির আওতায় আনা হবে।

ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানিয়েছেন যে বিমানবন্দরের নিরাপত্তায় পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি আরও বাড়ানো হচ্ছে এবং বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করতেও আলোচনা চলছে।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে বিমানবন্দরের এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হলেও এখন ল্যান্ডসাইডকেও এই ব্যবস্থার আওতায় আনা অতীব জরুরি হয়ে পড়েছে, যাতে ভবিষ্যতে কোনো অনাকাক্সখিত ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুব সহজেই কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতাও উল্লেখযোগ্য হারে হ্রাস পায়; তিনি আরও বলেন যে বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, তবে বাইরের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন কোনোভাবেই বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রভাবিত করতে না পারে, সে কারণেই ল্যান্ডসাইডের ওপর বাড়তি গুরুত্ব আরোপ করা হচ্ছে।

মন্তব্য করুন