সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ১৭ জনের সাজা এবং ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।
এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের মামলায় ১০ বছর ও আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। তার স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং উচ্চ আদালতে আপিল আবেদন করবো।
রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে একজন খালাস পান। তবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।
২০২৫ সালের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছিলেন।
