নিউইয়র্কের উ‌দ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ১৭ থেকে ১৯ জুন অনুষ্ঠিতব্য এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার (১৬ জুন) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। সফর শেষে ২০ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

 

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের অধীনে আয়োজিত হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট বিশ্বব্যাপী মানবিক সংকট, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয় জোরদারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দাতা দেশ এবং সংশ্লিষ্ট অংশীজনরা এতে অংশ নিয়ে মানবিক সহযোগিতা সম্প্রসারণ ও সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

 

এবারের অধিবেশনে চেয়ারের দায়িত্ব পালন করবেন জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ, যিনি এ সেগমেন্টের ভাইস প্রেসিডেন্টও। সম্মেলনে আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব, ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জরুরি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

 

এছাড়া মানবিক সহায়তা জোরদার, বিশ্বজুড়ে জটিল ও দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

সভায় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধি, মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ এবং সংকটকবলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন অবস্থান ও কার্যকর সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।