নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: আরপিও সংশোধন অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক:

জোট করলেও নির্বাচনে প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ প্রকাশ করে।

এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে অধ্যাদেশের ২০ অনুচ্ছেদে জোটের প্রতীকের বিষয়ে সংশোধন নিয়ে রাজনৈতিক মহলে নানা মতবিরোধ দেখা দেয়।

বিএনপি এ ধারার বিরোধিতা করে বলেছিল, জোট প্রার্থীদের একক প্রতীকে ভোট করার সুযোগ থাকা উচিত। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) সংশোধিত প্রস্তাব বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

শেষ পর্যন্ত তাদের প্রস্তাবই গৃহীত হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে—“যদি দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে সম্মত হয়, তবে নির্বাচন কমিশন উক্ত প্রার্থীর দলীয় পরিচয়ের ভিত্তিতে তার রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত প্রতীক বরাদ্দ দিতে পারবে।”

অর্থাৎ, জোটগতভাবে কোনো প্রার্থী মনোনীত হলেও তিনি বড় দলের বা অন্য কোনো দলের প্রতীকে ভোট করতে পারবেন না; নিজের দলের প্রতীকের মাধ্যমেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, এই সংশোধনের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভিত্তিক রাজনীতি নতুন চ্যালেঞ্জে পড়বে, কারণ ভোটারদের বিভ্রান্তি এড়াতে দলগুলোর মধ্যে সমন্বয় এখন আরও জরুরি হয়ে পড়বে।