নেইমারের ফের ইনজুরি, মাঠের বাইরে আরেকবার

অনলাইন ডেস্ক:

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবারও ইনজুরিতে পড়েছেন। দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন তিনি, তবে এবার উরুর চোটে পড়ে সান্তোসের হয়ে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলা হয়নি তার। সান্তোস দলের পওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ২-১ গোলের ব্যবধানে হারলেও মাঠে নামতে পারেননি নেইমার।

ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের জয়ী ম্যাচে নেইমারের বাম পায়ের উরুর মাংসপেশিতে হালকা টান লাগে। যার ফলে তিনি অস্বস্তি অনুভব করেন এবং পরবর্তী ম্যাচে খেলতে পারেননি। সাইডবেঞ্চে বসে দলের হার দেখতে হয় তাকে।

নেইমার করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর চোট নিয়ে জানান, “দুর্ভাগ্যবশত, গত কয়েকদিন ধরে ব্যথা অনুভব করছি। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম, কিন্তু আজ সকালে পরীক্ষা-নিরীক্ষার পর ব্যথা অনুভব করি।”

এই নতুন ইনজুরির কারণে, ব্রাজিল দলে তার আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলা নিয়ে এখন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বছরের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে সাত ম্যাচে তিনটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন নেইমার, তবে এখন আবারও মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।