নোয়াখালীর চাটখিলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজবের পর শোডাউন,গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর শোডাউন করায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)। রাসেল মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে, এবং লিটন একই ইউনিয়নের ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শোনার পর যুবলীগের কিছু নেতাকর্মী শোডাউন করে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় রাসেল ও লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ নিশ্চিত করে, রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য, এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। পুলিশ জানায়, ঘটনার পর তারা একটি মামলা দায়ের করেছে এবং গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “শোডাউনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়।”