অনলাইন ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান।
গত বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ৭ ঘণ্টা ধরে চলেছে। মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতঃরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছাড়াও যোগ দিয়েছেন সিনেটর, কংগ্রেস সদস্য, আমন্ত্রিত বিশ্ব নেতা এবং বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবীরা।











