জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে (র্যামে) নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’র একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ৮ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ঢাকামুখী লেনে মাওয়া টোল প্লাজার কিছুটা দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩); চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০); দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬), রশিদা (৪০); মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী ফাতেমা; শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারায়।
এ সময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতির সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও বাসটির প্রকৃত গতিবেগসহ বিস্তারিত কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানান ফায়ার কর্মকর্তা।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন জানান, ৭-৮ জন সামান্য আহত হয়েছে। তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বাসটি পদ্মা সেতুর র্যাম্প দিয়ে নামার সময় দ্রুত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। ফায়ার সার্ভিস দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।











