পপির বিরুদ্ধে পরিবারে খুনি ভাড়া করার অভিযোগ

অনলাইন ডেস্ক:

চিত্রনায়িকা পপি (ফরিদা পারভীন) সম্প্রতি বিস্ফোরক এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন যে, তার পরিবার তাকে খুন করার জন্য খুনি ভাড়া করেছে। খুলনার সোনাডাঙ্গায় পতৈক জমি দখল নিয়ে পারিবারিক বিরোধের পর এভাবে পপির পরিবার সম্পর্কে এধরনের অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে পপি জানান, “আমি ২৮ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি, কিন্তু আজ আমি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে করছি। কারণ, যাদের জন্য এতদিন কাজ করেছি—আমার মা, বোন, ভাই—তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।”

কাঁদতে কাঁদতে পপি আরও বলেন, “আমি বাবা-মা-ভাইবোনদের অনেক ভালোবাসি, কিন্তু তারা আমাকে প্রতারণা করেছে। আমার সমস্ত অর্থ তারা নিয়েছে। আমার টাকায় পরিবারের সদস্যদের নামে সম্পত্তি রেজিস্টার করা হয়েছে, তবে আমার নামে কিছুই রাখা হয়নি। সব কিছু তাদের নামে করা হয়েছে।”

তিনি বলেন, “মানুষ বাঁচার জন্য কিছু প্রয়োজন হয়, কিন্তু আমার জানটাই এখন শুধু টিকে আছে। যাদের কোলে রেখে মানুষ করেছি, তারা এখন আমাকে খুন করার চেষ্টা করছে। আমার নিজস্ব ভাইবোনরা আমাকে খুন করার জন্য লোক ভাড়া করেছে।”

পপি তার বোনের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগও তুলেছেন। তার দাবি, মা’র সহযোগিতায় বোন মাদক ব্যবসা করছিল। তিনি আরও বলেন, তার পালিত ভাইও তাকে এবং তার বাবা-মাকে মারধর করেছে।

এই ঘটনায় পপির পরিবারে গভীর অশান্তি ও বিতর্কের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।