পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসলিম হজযাত্রী। আজ বুধবার (৮ জিলহজ) তারা ইহরাম বেঁধে সারাদিন মিনায় অবস্থান করছেন, যা দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই হজযাত্রীরা মসজিদুল হারাম বা তাদের আবাসন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হন। ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো সুন্নত। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপনও সুন্নত হিসেবে পালন করছেন তারা। হাজিদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় দিনব্যাপী মগ্ন থাকছেন।

আগামীকাল বৃহস্পতিবার (৯ জিলহজ) ফজরের নামাজ শেষে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হজযাত্রীরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা হজের মূল এবং আবশ্যিক অংশ। “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে আরাফাত। তিলাওয়াত, নামাজ, খুতবা ও দোয়ায় কাটবে দিনের প্রতিটি মুহূর্ত।

হজের অংশ হিসেবে হাজিরা ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ এবং দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ২২৪টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং চলবে ১০ জুলাই পর্যন্ত।