নিজস্ব প্রতিবেদক:
ইস্তাম্বুলগামী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘টিকে-৭১৩’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে উড্ডয়নের পরপরই পাখির ধাক্কায় ইঞ্জিনে ধোঁয়া দেখা দিলে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ৯ মিনিটে উড্ডয়ন করা ফ্লাইটটি সকাল ৮টা ১ মিনিটে নিরাপদে আবার শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে।
ফ্লাইটটিতে ২৮০ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের ডান দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়, যার উৎস ছিল বার্ড হিট—অর্থাৎ পাখির সঙ্গে সংঘর্ষ। বিষয়টি নজরে আসার পরই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
এইচএসআইএ-এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ফ্লাইটে থাকা সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। যাত্রীদের প্রাথমিকভাবে বিমানবন্দরে সেবা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের নিকটবর্তী হোটেলে রাখা হয়। একইসঙ্গে যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অফিস এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের কিছু পরেই বিমানের দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে, ফলে বিমানটি ফের ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়। তারা আরও জানায়, যাত্রী, ক্রু এবং উড়োজাহাজ সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং বিমানের ইঞ্জিন মেরামতের কাজ চলছে।











