নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ রোববার চট্টগ্রাম নগরীর টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে বললেন, “দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনীয় সহায়তা চলমান থাকবে।”
‘প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করছে’-উল্লেখ করেন তিনি।
এসময় চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পানিবন্দি মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীর পাশে থেকে সিটি করপোরেশনের ত্রাণ ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।
পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।











