‘পুষ্পা টু’ নিয়ে নতুন বিতর্ক, নেটিজেনদের দাবি ‘টম অ্যান্ড জেরি’ থেকে অনুপ্রাণিত

অনলাইন ডেস্ক:

সাম্প্রতিক মুক্তি পাওয়া আল্লু আর্জুনের দক্ষিণী ছবি ‘পুষ্পা টু’ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। নেটিজেনদের একাংশের দাবি, সিনেমাটির কিছু দৃশ্য ও চরিত্রগত ভঙ্গি জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’ থেকে অনুপ্রাণিত বা নকল। ছবিতে আল্লু আর্জুনের পুষ্পা চরিত্রের অঙ্গভঙ্গি, আদবকায়দা এবং বিশেষ করে চিবুকের নিচে হাত চালানোর দৃশ্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিছু নেটিজেনের মতে, এ ধরনের ভঙ্গি পূর্বে টম অ্যান্ড জেরির একাধিক পর্বে দেখা গেছে।

সম্প্রতি, ‘টম অ্যান্ড জেরি’-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে একই ধরনের অঙ্গভঙ্গি দেখা যায় যা ‘পুষ্পা’ সিনেমার দৃশ্যে রয়েছে। এই ধরনের অঙ্গভঙ্গির মধ্যে পুষ্পার চিবুকের নিচে হাত চালানো এবং এক পা টেনে টেনে হাঁটার দৃশ্য উল্লেখযোগ্য, যা বেশ আগে ‘টম অ্যান্ড জেরি’-র চরিত্রদের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। অনেক নেটিজেন মন্তব্য করেছেন, ‘‘এ তো পুরো ‘টম অ্যান্ড জেরি’ থেকে কপি’’। আরেকজন লেখেন, ‘‘আমি নিশ্চিত ‘পুষ্পা’ পরিচালক ছোটবেলায় ‘টম অ্যান্ড জেরি’ দেখতেন’’।

এদিকে, ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে। এটি প্রথম ভারতীয় ছবি, যা এত কম সময়ে বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটি টাকার আয় করেছে। ‘পুষ্পা টু’-এর এই সাফল্য ছবির ব্যাপক জনপ্রিয়তা ও আল্লু আর্জুনের অভিনয়ের প্রশংসা বাড়িয়েছে, তবে এর অঙ্গভঙ্গি নিয়ে আলোচনাও এক নতুন মাত্রা পেতে চলেছে।