প্রধান উপদেষ্টার আহ্বান: আইন-শৃঙ্খলা রক্ষা ও সহিংসতা পরিহারের তাগিদ

অনলাইন ডেস্ক:

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের সব নাগরিকের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিহার করা। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস করা থেকে বিরত থাকা উচিত এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে কোনো নাগরিকের ওপর আক্রমণ করা অনুচিত।

প্রফেসর ইউনূস আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে অনেক নাগরিক নিপীড়নের শিকার হয়েছেন, ফলে তাদের মধ্যে ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। তিনি জানান, সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “যতক্ষণ আমরা সতর্ক থাকবো এবং নিজেদের নীতি-নৈতিকতা বজায় রাখবো, ততক্ষণ ফ্যাসিবাদী শাসনের নেতারা ফিরে আসতে পারবে না। আমাদের উচিত এমন কিছু না করা, যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে।”

গত জুলাই-আগস্টে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী নাগরিকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের অবশ্যই বিশ্বকে দেখাতে হবে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, নাগরিক অধিকার রক্ষা করি এবং শান্তিপূর্ণ উপায়ে দেশের উন্নয়নে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়াধীন, এবং সমগ্র বিশ্ব আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে আইনশৃঙ্খলার যেকোনো অবনতি বিশ্বকে ভুল বার্তা দিতে পারে।”

সবশেষে, প্রধান উপদেষ্টা সবাইকে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং দেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিতে সকল নাগরিককে একসঙ্গে কাজ করার তাগিদ দেন।