ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্রধান উপদেষ্টার বাসভবন ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত: 13 March 2025, 2:55 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৯ ধারার ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোড এলাকায় যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

সম্প্রতি এ এলাকায় কয়েকটি বিক্ষোভ ও পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। বুধবার (১২ মার্চ) বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং জলকামান নিক্ষেপ করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

এর আগে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম গণপদযাত্রার আয়োজন করে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রা শাহবাগ মোড় পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন