নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন দুটি তুলে দেন বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
দুই সংস্কার কমিশনের প্রতিবেদনে কী কী সুপারিশ রয়েছে, তা বিস্তারিত জানা না গেলেও জনপ্রশাসন সংস্কারে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে সূত্র জানিয়েছে।
উল্লেখযোগ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে গত ৮ আগস্ট ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেন ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এই ছয়টি কমিশনের মধ্যে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও সংবিধান সংস্কার নিয়ে গঠিত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। বাকি ছিল বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, যা বুধবার হস্তান্তর করা হলো।











