জেলা প্রতিনিধি:
টানা ভারী বর্ষণ ও বন্যার পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া, পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান, রাঙ্গামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। সেতু ধসে দুই পাশের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকায় পানির প্রবল স্রোত সৃষ্টি হয়। শনিবার সকালে সেই স্রোতের চাপ সহ্য করতে না পেরে দুধপুকুরিয়া, পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। এর পরপরই বান্দরবান, রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সেতু ধসে যাওয়ার কারণে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। অনেক যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়ে এবং বিকল্প পথ না থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা করার পাশাপাশি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, যোগাযোগ স্বাভাবিক না হলে এলাকার মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও ব্যাহত হবে।
ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। একই সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।











