জেলা প্রতিনিধি :
ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে জনদুর্ভোগ কমাতে এবং জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনকারীদের নেতা পলাশ মিয়া জানান, “আমাদের পাঁচ দফা দাবি রবিবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে না মানা হলে, লাগাতার আন্দোলনে ফের নামব। কেউ হয়রানি করলে তাৎক্ষণিক নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) সহিংসতার পর ভাঙ্গা উপজেলায় টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে আজ (মঙ্গলবার) সকাল থেকে পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত রয়েছে। কয়েকটি স্থানে আন্দোলনকারীরা অবস্থান নিলেও মহাসড়কে বাধা সৃষ্টি করেনি, ফলে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং তিনটি ম্যাজিস্ট্রেট টিম মাঠে কাজ করছে। জেলা প্রশাসক সাফ জানিয়েছেন, “অবরোধের চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।”
এদিকে সোমবারের সহিংসতার প্রতিবাদে সর্বদলীয় ঐক্য কমিটি এক বিক্ষোভ মিছিল করে। তারা অভিযোগ করেন, একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা দাবি করেন, “বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী খেলাফত মজলিসের নেতাকর্মীরা একত্রিত। সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ইন্ধনে থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিস ও মসজিদে হামলা চালানো হয়েছে।”
তিনি আরও জানান, “২১ তারিখে আদালতের রায় রয়েছে, তাই আমরা সেই দিন পর্যন্ত কর্মসূচি স্থগিত রেখেছি। কেউ নাশকতার চেষ্টা করলে প্রতিরোধ করব।”











