ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

জেলা প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারসংলগ্ন ঢাকা–খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কানাইপুর ব্রিজের ওপর ঢাকা-মুখী রয়েল এক্সপ্রেস এবং চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনায় দুই বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে রয়েছেন: আতিয়ার শেখ (৫৫), পীরপুর, দামোদর থানা, চুয়াডাঙ্গা, রঞ্জিত দাস (৫২), চালিতা বুনিয়া, বামনা থানা, বরগুনা, সুবর্ণা আক্তার (২৩), বৈকুণ্ঠপুর, বদলগাছি, নওগাঁ ।

প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান চাঁন জানান, সংঘর্ষের তীব্রতায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত উভয় বাস জব্দ করেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।