ফেনীতে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বাড়ি এবং জেলা আওয়ামী লীগ অফিসে হামলা

অনলাইন ডেস্ক:

ফেনী শহরে গত বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার হাতে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বাড়ি এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রথমে বিমানবন্দর সড়কে অবস্থিত ফেনী-১ আসনের সাবেক এমপি শেখ হাসিনার প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পরিত্যক্ত বাড়িতে হামলা চালানো হয়, যেখানে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর শহরের স্টেশন রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়েও একই ধরনের হামলা হয়, যেখানে আগুন ধরিয়ে এবং ভাঙচুর করে যায়।

এছাড়া, ফেনী-৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সোনাগাজী সুলাখালী গ্রামের বাড়িতেও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোনাগাজীর সোনাপুর গ্রামে ফেনী-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নানার বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাতের বেলা শতাধিক ছাত্র-জনতা শহরের জিরো পয়েন্ট ট্রাঙ্ক রোড থেকে লাঠি হাতে মিছিল করে আলাউদ্দিন আহমেদ চৌধুরীর বাড়ির সীমানাপ্রাচীর এবং দেয়াল ভাঙচুর করে এবং পরে বাড়িতে অগ্নিসংযোগ করে।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানিয়েছেন, শহরে একটি বাড়ি এবং একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন জানিয়েছেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে নিজাম হাজারীর নানার বাড়িতে আগুন দেওয়ার খবর তারা পাননি।