জেলা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজন যুবক নিহত হন, এবং অপর একজনকে গুরুতর অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহতরা হলেন, নোয়াখালীর বসুরহাট উপজেলার জুগিদিয়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে এসএসসি পরীক্ষার্থী অন্তর ঘোষ (১৮), বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে সৌরভ (২৩) এবং কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২১)।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক দেলোয়ার হোসেন জানান, রাত ৮টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলে ফেনী থেকে নোয়াখালী যাওয়ার পথে বেকের বাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা ছ’মিলের গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর সড়কে পড়ে গেলে একটি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়।
স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অন্তরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অন্তর ঘোষের মাশি (খালা) পিয়াঙ্কা ঘোষ জানান, তারা তিন বন্ধু নোয়াখালী থেকে ফেনী পূজা দেখতে এসেছিল। পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. সুজন জানান, হাসপাতালে আনার আগেই অন্তর ঘোষের মৃত্যু হয়েছে। মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে এবং অপরজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”











