বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৭ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক:

রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও বড় উত্থান দেখা দিয়েছে। চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ বিলিয়ন ডলারের ওপরে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এ সময়ে রিজার্ভ ছাড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার।

তুলনামূলকভাবে, গত বছরের একই সময়ে গ্রস রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলারের ঘরে। সে হিসাবে এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, গত বছরের একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ১৯ বিলিয়ন ডলারের ঘরে। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১৪ বিলিয়ন ডলার, অন্যদিকে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৭.৫৪ বিলিয়ন ডলার।

আইএমএফকে দেওয়া পৃথক তথ্য অনুযায়ী, দেশের নিট বা প্রকৃত রিজার্ভ ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০১৩ সালের জুনে দেশের রিজার্ভ ছিল মাত্র ১৫.৩২ বিলিয়ন ডলার। এরপর ধাপে ধাপে তা বেড়ে ২০২১ সালের আগস্টে রেকর্ড ৪৮.০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। ২০২২ থেকে ডলার সংকটে রিজার্ভ কমতে শুরু করে। ২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ কমে দাঁড়ায় ৩১ বিলিয়ন ডলার এবং ২০২৪-২৫ অর্থবছর শেষে তা দাঁড়ায় ৩১.৬৮ বিলিয়ন ডলারে।