ববির সাত বছরের সম্পর্কে ভাটা

অনলাইন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি ও প্রযোজক-পরিচালক সাকিব সনেটের প্রেমের গল্প শুরু হয়েছিল প্রায় সাত বছর আগে, ‘নোলক’ সিনেমার প্রি-প্রোডাকশন কাজের সময়। সেই সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পায়, আর তখনই তাদের সম্পর্ক বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। প্রথমে গোপন থাকলেও পরে তাদের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হয়ে ওঠে।

এক পর্যায়ে দুজনই প্রকাশ্যে স্বীকার করেন তাদের প্রেমের কথা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনেও তাদের দেখা যেত। তবে গত এক বছরে তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি ঘনিষ্ঠজনরাও চুপ। বিনোদন অঙ্গনে কানাঘুষা— এই সম্পর্কের সমাপ্তি ঘটেছে।

২০২৩ সালে বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ববি ও সনেট। কিন্তু পরবর্তীতে আর কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে দুজনই নিজ নিজ কাজে ব্যস্ত। ববি কাজ করছেন বদিউল আলম খোকনের পরিচালনায় ‘তছনছ’ সিনেমায়, যেখানে তার সহ-অভিনেতা মুন্না খান। অন্যদিকে সাকিব সনেট ইভেন্ট আয়োজন ও পারিবারিক জীবনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন।

এক সময় ববির জন্মদিনে সনেটের একটি ফেসবুক পোস্টে ভালোবাসার প্রকাশ ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। অনেকে ধরে নিয়েছিলেন, তারা বিয়েও করে ফেলেছেন। পরে এ বিষয়ে ববি বলেন, “সনেটের স্ট্যাটাস দেখে আমি অবাক হয়েছিলাম। তবে আমরা তখনো প্রেমের সম্পর্কে আছি, বিয়ে এখনো হয়নি।”

‘নোলক’-এর প্রি-প্রোডাকশনের সময় শুরু হওয়া তাদের প্রেম আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে এখন শুধু জল্পনা-কল্পনা।