জেলা প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁরাকুপি এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চালক মুকুল হোসেন (৩৫) এবং ব্যবসায়ী বাদল মোল্লা (৪০) রয়েছেন।
নিহত ব্যবসায়ী বাদল মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার চুমুরদি গ্রামের মোতাহার মোল্লার ছেলে। তবে ট্রাক চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। তারা ট্রাকের চালক ও আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিলো, মালামাল বিক্রি করে ফের খালি অবস্থায় যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের তাঁরাকুপি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় এবং এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরও জানান, পুকুর থেকে ট্রাকটি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।











