বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত

জেলা প্রতিনিধি :

বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ড. মো. ফরহাদ হোসেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার ড. ফরহাদ হোসেন নন্দীরবাজারে একটি মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাহফিলে অংশগ্রহণ করতে তিনি ঢাকা থেকে বরিশাল আসেন। বিকালে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারের (আলফা-মাহিন্দ্রা) যাত্রী হয়ে তিনি মুলাদী সদরের চরলক্ষীপুর যাচ্ছিলেন।

প্যাদারহাট পার হওয়ার সময় হাওলাদার ব্রিজের কাছে থ্রি-হুইলারটি একটি কুকুরের কারণে উল্টে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুইলারটি উল্টে গেলে ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, আহত ফরহাদ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনায় থ্রি-হুইলার চালক ও অন্য যাত্রীরা তেমন আহত হননি।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানিয়েছেন, ফরহাদ হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।